Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুর-আসানসোল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শুরু সম্ভাব্যতা সমীক্ষা

দুর্গাপুর-আসানসোল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শুরু সম্ভাব্যতা সমীক্ষা

প্রতীকী ছবি

অমল মাজি, দুর্গাপুর: দুর্গাপুর-আসানসোল মেট্রো প্রকল্প বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। প্রস্তাবিত মেট্রো রুটের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যেই সমীক্ষার কাজ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটস (রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস)। এই সমীক্ষার ভিত্তিতেই তৈরি হবে ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর), যার উপর নির্ভর করবে প্রকল্পের চূড়ান্ত রূপরেখা।

সূত্রের খবর, প্রস্তাবিত মেট্রোটি মূলত উড়ালপথে (এলিভেটেড) নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে নির্মাণ ব্যয় তুলনামূলকভাবে কম হবে এবং রাস্তার যান চলাচলেও কম প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সম্ভাব্য রুটে দুর্গাপুর, অন্ডাল, রানিগঞ্জ ও আসানসোলের মতো গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্য কেন্দ্রগুলিকে যুক্ত করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শুধু দুর্গাপুর-আসানসোল নয়, উত্তরবঙ্গের শিলিগুড়ি-জলপাইগুড়ি এলাকাতেও একই ধরনের মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা নিয়ে সমীক্ষা চলছে। কলকাতার বাইরে রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলিতে আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।

বিশেষজ্ঞদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দুর্গাপুর ও আসানসোলের মধ্যে যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও আরামদায়ক হবে। পাশাপাশি জাতীয় সড়ক ১৯-এর উপর যানবাহনের চাপ কমবে, যানজট হ্রাস পাবে এবং শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত শুধুমাত্র সম্ভাব্যতা সমীক্ষার কাজ চলছে। সমীক্ষা শেষ হওয়ার পর ডিপিআর তৈরি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মিললেই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *