জামুরিয়া: পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া এলাকায় অবৈধ অস্ত্র পাচারের বিরুদ্ধে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ একটি বড় অভিযান চালায়। বৃহস্পতিবার রাতের এই অভিযানে এসটিএফের অফিসাররা সন্দেহভাজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধৃতর কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসটিএফ গোপন খবর পায় যে জামুরিয়া থানা এলাকার কেন্দার বেলবাদ বাসস্ট্যান্ডের কাছে এক যুবক অবৈধ অস্ত্রসহ দাঁড়িয়ে রয়েছে। এই তথ্যের ভিত্তিতে এসটিএফ দল তাৎক্ষণিকভাবে এলাকাটি ঘিরে ফেলে এবং অভিযান চালায়। সেই অভিযানে ২৪ বছর বয়সী খায়রুল আলম চৌধুরীকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপরে তাকে জামুড়িয়া থানায় নিয়ে আসা হয়। এসটিএফের তরফে জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
এসটিএফ সূত্রে জানা গেছে, ধৃত যুবক পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত ডালুর বাঁধ এলাকার বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গেছে, ধৃত যুবক একটি বড় অবৈধ অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে। অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কাদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ছিল, তা বার করতে এসটিএফ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। শুক্রবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে, এসটিএফ পরবর্তী তদন্তের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করে।
তদন্তকারী অফিসাররা মনে করছেন, এই গ্রেফতার একটি বড় অবৈধ অস্ত্র চক্র উন্মোচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার করার জন্য এসটিএফ তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ এদিন স্পষ্ট করে দিয়েছে যে, অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।










