অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: রাজ্যে পালাবদলের পরে, এইবারেই প্রথম সাড়ম্বরে বিজয়া সম্মিলনীর আয়োজন করল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের ১৭,১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড মিলিয়ে গঠিত তরুণ দল বসতি। উৎসবমুখর এই অনুষ্ঠানে সামিল হলেন ওই বসতির সদস্যদের পরিবারও। মঙ্গলবার এই অনুষ্ঠান টি আয়োজিত হল কেরানি পাড়ার মদন মোহন মন্দিরে।

সকাল থেকেই তোড়জোড়। সন্ধ্যায় মেলবন্ধন। এই মেলবন্ধনে হাজির সদস্যদের পরিবারবর্গও। এদিন সন্ধ্যা ৭ টা নাগাদ অনুষ্ঠানের সূচনা হয়। সংক্ষিপ্ত কর্মসূচির পরে মিষ্টি মুখে মেতে ওঠেন সকলে। বসতির সদস্যদের পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ বাড়াতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকেরা। অনুষ্ঠানে হাজির ছিলেন বসতি প্রমূখ অজয় সাহা, জয়দীপ বন্দ্যোপাধ্যায়, কৌশিক কুমার দাস-সহ অন্যরা। স্বয়ং সেবিকাদের কাজকর্মে গতি আনতে পরিকল্পনাও নিয়েছেন আয়োজকেরা। আগের আমলে পরিস্থিতি কিছুটা ভিন্ন ছিল বলে অভিমত আয়োজকেদের। এখন স্বতস্ফূর্তভাবে মহিলারা অংশ নিচ্ছেন।

উৎসবমুখর এই পরিবেশে সংবাদমাধ্যমকে অজয় সাহা বলেন, “বিজয়া দশমীতে মিষ্টিমুখের প্রচলিত রীতি মেনেই এই কর্মসূচি। বসতির সদস্যদের পরিবারের মধ্যে একটা মিলনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হবে।” দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসার বার্তাও দেন আয়োজকেরা।










