আসানসোল: সাইবার নিরাপদ সমাজ গড়ে তোলার লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চিত্তরঞ্জন, কুলটি, বুদবুদ, নিউ টাউনশিপ (এনটিএস) এবং পাণ্ডবেশ্বর থানায় সাইবার সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে সাধারণ মানুষের পাশাপাশি ছাত্রছাত্রীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার, অনলাইন অনুরোধ যাচাই করে গ্রহণ করা এবং দায়িত্বশীলভাবে সামাজিক মাধ্যম ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের ওটিপি, পিন, পাসওয়ার্ড এবং ব্যাঙ্কিং সংক্রান্ত গোপন তথ্য সুরক্ষিত রাখার গুরুত্ব, বিভিন্ন ধরনের সাইবার প্রতারণা চিহ্নিত করার উপায় এবং প্রতারণার শিকার হলে অবিলম্বে ১৯৩০ সাইবার হেল্পলাইন বা জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টালে অভিযোগ জানানোর বিষয়ে অবহিত করা হয়।
বলা হয়েছে, সাধারণ মানুষের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ আরও একবার প্রমাণ করেছে, সচেতনতাই সাইবার অপরাধের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বলা হয়েছে, সতর্ক থাকুন। সাইবার সুরক্ষিত থাকুন। সাইবার প্রতারণার শিকার হলে অবিলম্বে ১৯৩০ নম্বরে ফোন করে অবহিত করেন। যাতে পুলিশ দ্রুত পদক্ষেপ নিতে পারে।










