জামুড়িয়া: প্রকাশ্য রাস্তায় বালির ট্রাক দাঁড় করিয়ে
“তোলাবাজি” করে টাকা আদায়, আর তা করছে জামুড়িয়ার বিজেপি নেতা রাকেশ মাজি। আর সেই দৃশ্যই এবার ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিও প্রকাশ্যে আসতেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের জামুড়িয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। তড়িঘড়ি রবিবার রাতে জামুড়িয়া থানার পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেফতার করে। সোমবার ধৃতকে আসানসোল জেলা আদালতে পেশ করে সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়া আবেদন করে। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তার জামিন নাকচ করে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
আর স্বাভাবিক ভাবেই এই ঘটনাটি প্রকাশ্য আসতেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা দেওয়া ‘জিরো টলারেন্স’ নীতি। চরম অস্বস্তিতে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার নেতৃত্ব।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির ঘটনাস্থল হল জামুড়িয়া বিধানসভার মদনতোড় পঞ্চায়েত সংলগ্ন রাস্তা। যা জামুড়িয়া থানার চুরুলিয়া ফাঁড়ির অন্তর্গত।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক একটি বালির ট্রাক থামিয়ে প্রকাশ্যে টাকা চাইছেন। মোবাইল ফোনে তার কোনও এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের বক্তব্য, আমাদের মদনতোড় পঞ্চায়েতে কিছু নেই। আগে ওভারলোড গাড়ি চললে ৫০০ টাকা নিয়ে ছেড়ে দিতাম। এখন স্টক থেকে আন্ডারলোড গাড়ি যাচ্ছে। তাই ২০০ টাকা করে নিচ্ছি।
যার বিরুদ্ধে সেই ভিডিওতে থাকা ওই যুবকের নাম রাকেশ মাজি। তিনি জামুড়িয়া বিধানসভার জামুড়িয়া মন্ডল ১-এর বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ বলে জানা গেছে।
ভিডিও ভাইরাল হওয়ার পরেই খনি শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও রাজনৈতিক চাপানওতোর। বিরোধীরা প্রশ্ন তুলে বলছেন, প্রকাশ্যে এভাবে তোলাবাজি চলছে। পুলিশ প্রশাসন কি করছে?
ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জামুড়িয়া থানার পুলিশ। রবিবার রাতেই ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে এদিন আসানসোল জেলা আদালতে পেশ করে তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, এই ভিডিও ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের প্রশ্ন, রাস্তায় প্রকাশ্যে এভাবে টাকা তোলা হলে ব্যবসা কিভাবে চলবে ?
বিজেপি নেতৃত্বের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে জানা গেছে, পদ্ম শিবিরের জেলা নেতৃত্ব স্থানীয় স্তরে খোঁজখবর নেওয়া শুরু করে, আসল ঘটনা কি জানার চেষ্টা করছে।










