Home / খবর / জেলায় জেলায় / টুলু ফেরার, থমকে গেছে ২১ কোটির রাস্তা, দুর্নীতির ছায়ায় ঝুলে উন্নয়ন, দুর্ভোগে শিল্পতালুকের মানুষ

টুলু ফেরার, থমকে গেছে ২১ কোটির রাস্তা, দুর্নীতির ছায়ায় ঝুলে উন্নয়ন, দুর্ভোগে শিল্পতালুকের মানুষ

দুর্গাপুর: একদিকে কোটি কোটি টাকার নগদ ও সোনা উদ্ধারের পর ফেরার ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য, অন্যদিকে তাঁর সংস্থার হাতে থাকা প্রায় ২১ কোটি টাকার রাস্তা নির্মাণ প্রকল্প কার্যত থমকে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের সাধারণ মানুষ।
রাতুরিয়া–অঙ্গদপুর শিল্পতালুক সংযোগকারী গুরুত্বপূর্ণ প্রায় ৩.৬ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ দীর্ঘদিন ধরে অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার জলে রাস্তাজুড়ে রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিদিন শত শত ভারী ট্রাক, শিল্পাঞ্চলের কর্মী, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীদের প্রাণ হাতে নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে।
সূত্রের খবর, ২০২৫ সালে আসানসোল–দুর্গাপুর উন্নয়ন সংস্থা (ADDA)-র কাছ থেকে প্রায় ২১ কোটি ৮ লক্ষ টাকার এই প্রকল্পের বরাত পেয়েছিল টুলু মণ্ডলের সংস্থা। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বহু মাস পেরিয়ে গেলেও প্রকল্পের বড় অংশ অসমাপ্ত। সাম্প্রতিক ঘটনাবলির পর কাজ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তার এমন বেহাল দশা শুধু যানবাহন চলাচলেই সমস্যা তৈরি করছে না, বরং দুর্ঘটনার আশঙ্কাও বাড়িয়ে তুলছে। বর্ষার সময় গর্তে জল জমে যাওয়ায় রাস্তার প্রকৃত অবস্থা বোঝা যায় না, ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।
যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, রাস্তার কাজের পাশাপাশি বিদ্যুৎ ও পানীয় জলের লাইন সরানোর মতো প্রযুক্তিগত সমস্যার কারণে নির্মাণে দেরি হয়েছে। তবে টুলু মণ্ডলকে ঘিরে তদন্ত শুরু হওয়ার পর প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধীদের অভিযোগ, একজন বিতর্কিত ঠিকাদারের হাতে এত বড় সরকারি প্রকল্প তুলে দেওয়া হয়েছিল কীভাবে, তারও তদন্ত হওয়া উচিত। অন্যদিকে প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, দ্রুত রাস্তার কাজ সম্পূর্ণ করে সাধারণ মানুষের দুর্ভোগ দূর করা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *