দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় এক নাবালিকা ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিতা বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। ইতিমধ্যেই রাজ মল্লিক ও শেখ আজারুদ্দিন-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে ফরেন্সিক দলও নেমেছে।
পরিবারের অভিযোগ, এক পরিচিত তরুণী নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর একটি গাড়িতে তুলে তাকে মাদক জাতীয় কিছু খাওয়ানো হয় বলে অভিযোগ। পরে তাকে সিটি সেন্টারের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়, যেখানে ধর্ষনের ঘটনা ঘটে বলে দাবি পরিবারের।
অভিযোগ, রাতে অসুস্থ অবস্থায় নাবালিকাকে একটি এলাকায় ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন। এরপরই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, পকসো (POCSO) আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
তবে ঘটনার সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ।










