Home / খবর / জেলায় জেলায় / আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বড় রদবদল, তিন ওসি-সহ ৮ এসআইয়ের বদলি

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বড় রদবদল, তিন ওসি-সহ ৮ এসআইয়ের বদলি

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (এডিপিসি)-এ ফের প্রশাসনিক রদবদল। কমিশনারেটের অধীন বিভিন্ন থানা ও ফাঁড়িতে কর্মরত মোট ৮ জন সাব-ইন্সপেক্টর (এসআই)-কে বদলি করা হয়েছে। এই তালিকায় রয়েছেন তিন থানার ওসি (অফিসার ইনচার্জ) এবং তিনটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বা আইসি। পুলিশ কমিশনার ডাঃ প্রণব কুমারের স্বাক্ষরিত এক নির্দেশিকায় সোমবার এই রদবদলের কথা জানানো হয়।
কমিশনারেট সূত্রে জানা গেছে, আসানসোল উত্তর থানার ওসি সাব-ইন্সপেক্টর সৌমেন বন্দোপাধ্যায়-কে বদলি করে ডিটেকটিভ ডিপার্টমেন্টে (ডিডি, এডিপিসি) পাঠানো হয়েছে। তাঁর জায়গায় কন্যাপুর ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর মেঘনাদ মণ্ডল-কে আসানসোল উত্তর থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, আসানসোল উত্তর থানার সাব-ইন্সপেক্টর সুমঙ্গল সরকার-কে বদলি করে রূপনারায়ণপুর ফাঁড়ির নতুন ইনচার্জ করা হয়েছে। একইসঙ্গে জামুরিয়া থানার সাব-ইন্সপেক্টর সুনীল কুমার সিং-কে আসানসোল উত্তর থানায় স্থানান্তর করা হয়েছে।
এছাড়াও, এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ), ডিডি এডিপিসি-র ওসি সাব-ইন্সপেক্টর পার্থ সরকার-কে কল্যাণেশ্বরী ফাঁড়ির নতুন ইনচার্জ করা হয়েছে।
মহিলা পুলিশ আধিকারিকদের মধ্যেও গুরুত্বপূর্ণ বদলি হয়েছে। মহিলা ইনচার্জ সাব-ইন্সপেক্টর শিউলি মণ্ডল-কে এনটিএস থানার নতুন ওসি করা হয়েছে। অন্যদিকে, এনটিএস থানার ওসি সাব-ইন্সপেক্টর অভিজিৎ সিনহা রায়-কে বদলি করে কুলটি থানায় পাঠানো হয়েছে।
এদিকে, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর অরুণাভ ভট্টাচার্য-কেও বদলি করে ডিটেকটিভ ডিপার্টমেন্টে (ডিডি, এডিপিসি) পাঠানো হয়েছে।
পুলিশ কমিশনারের জারি করা নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, বদলি হওয়া সমস্ত অফিসারকে অবিলম্বে নতুন দায়িত্ব গ্রহণ করতে হবে।
পুলিশ মহলের একাংশের মতে, কমিশনারেটে আইনশৃঙ্খলা, তদন্ত এবং থানা পর্যায়ের প্রশাসনিক কাজ আরও গতিশীল করতে এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সাম্প্রতিক সময়ে এডিপিসিতে একাধিক দফায় ওসি ও আইসি স্তরে রদবদল হওয়ায় প্রশাসনিক মহলেও তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *