অন্ডাল: অবৈধ মদের কারবারের বিরুদ্ধে কড়া অবস্থান নিল অন্ডাল থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত অন্ডাল থানার আইসি গোপাল পাত্রের নেতৃত্বে একাধিক এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। কাজোড়া সহ বিভিন্ন এলাকায় বেআইনি মদের ঠেক ও সন্দেহভাজন আস্তানায় হানা দিয়ে তল্লাশি চালায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অন্ডাল ও সংলগ্ন এলাকায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ উঠছিল। অভিযোগ ছিল, বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই বেআইনি মদের কারবার চলছে, যার জেরে সমাজে বাড়ছিল নানান অসামাজিক কার্যকলাপ। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার সন্ধ্যায় পরিকল্পিতভাবে বিশেষ অভিযান শুরু করে অন্ডাল থানার পুলিশ।
অভিযান চলাকালীন একাধিক দোকান ও গোপন আস্তানায় তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রের দাবি, অবৈধ মদের কারবারের সঙ্গে জড়িত বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এই অভিযানে কয়েকজনকে আটক বা গ্রেফতারও করা হয়েছে বলে সূত্র মারফত খবর। যদিও পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।
পুলিশের এক আধিকারিক জানান, এলাকায় বেআইনি মদের ব্যবসা সম্পূর্ণভাবে বন্ধ করতে নিয়মিত নজরদারি ও অভিযান চলবে। আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কড়া পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এদিকে, পুলিশের এই অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় অবাধে চলছিল বেআইনি মদের ব্যবসা। পুলিশের এই সক্রিয় ভূমিকাকে স্বাগত জানিয়ে অবৈধ মদের কারবার সম্পূর্ণ বন্ধের দাবি তুলেছেন সাধারণ মানুষ।










