দুর্গাপুর: আদালত চত্বরে কোনও আসামিকে হেনস্থা বা অপমান করা যাবে না, এই মর্মে কড়া সিদ্ধান্ত নিল দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন। সাম্প্রতিক সময়ে আদালতে অভিযুক্তদের আনা–নেওয়ার সময় উত্তেজনা ও বিক্ষোভের একাধিক ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালত বিচার প্রক্রিয়ার জায়গা, সেখানে আইন নিজের পথে চলবে। রাজনৈতিক পরিচয় বা জনরোষের কারণে আদালত চত্বরে কোনও অভিযুক্তকে হেনস্থা করা যাবে না। এই নিয়ম সকলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে।
জানা গেছে, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় আদালত এলাকায় উত্তেজনা ছড়ানো এবং অভিযুক্তদের ঘিরে বিক্ষোভের অভিযোগ সামনে আসে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদালত এলাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের কথাও বলা হয়েছে।










