দুর্গাপুর: উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুর ফরিদপুর ব্লকের জেমুয়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রক্তচাপজনিত সমস্যার চিকিৎসার জন্য জেমুয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে যান অসিলা বিবি নামে এক মহিলা। পরিবারের অভিযোগ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে কয়েক মাসের জন্য সরকারি ওষুধ দেওয়া হয়। বাড়ি ফিরে ওষুধ সেবনের পর তাঁর স্বামী শেখ ইব্রাহিম ওষুধের গায়ে উল্লেখ থাকা মেয়াদ পরীক্ষা করে দেখেন, সেটির মেয়াদ নাকি প্রায় এক মাস আগেই শেষ হয়ে গেছে।
এরপরই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার সকালে রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে এলাকার বহু মানুষ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখান এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রোগীর স্বামী শেখ ইব্রাহিমের দাবি, মেয়াদোত্তীর্ণ ওষুধ খাওয়ার বিষয়টি জানার পর থেকেই পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, ওই ওষুধ আরও এক মাস খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল এবং বিষয়টি নজরে না এলে গুরুতর সমস্যা তৈরি হতে পারত।
অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।










