Home / খবর / জেলায় জেলায় / নামী ব্র্যান্ডের নামে নকল কসমেটিক্স, দুর্গাপুরের বেনাচিতি বাজারে হানা, বিপুল সামগ্রী বাজেয়াপ্ত

নামী ব্র্যান্ডের নামে নকল কসমেটিক্স, দুর্গাপুরের বেনাচিতি বাজারে হানা, বিপুল সামগ্রী বাজেয়াপ্ত

দুর্গাপুর: নামী কসমেটিক্স সংস্থার ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে বাজারে দেদার বিক্রি হচ্ছিল নকল পণ্য, এমন অভিযোগের ভিত্তিতে দুর্গাপুরের বেনাচিতি বাজারে বড়সড় অভিযান চালাল পুলিশ ও আইনজীবীদের প্রতিনিধিদল। আদালতের নির্দেশে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ সন্দেহভাজন নকল কসমেটিক্স সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, দেশের একাধিক পরিচিত কসমেটিক্স ব্র্যান্ডের নামে দীর্ঘদিন ধরে নকল পণ্য বিক্রির অভিযোগ জমা পড়ছিল। অভিযোগের ভিত্তিতে প্রথমে মুম্বাই হাইকোর্টে মামলা দায়ের হয়। আদালতের নির্দেশে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা সাধারণ ক্রেতা সেজে বিভিন্ন বাজার থেকে পণ্য সংগ্রহ করে পরীক্ষা করেন। সেই তদন্তে অভিযোগের সত্যতা উঠে এসেছে বলে দাবি।
পরবর্তীতে বিষয়টি কলকাতা হাইকোর্টে উপস্থাপন করা হলে আদালত তদন্ত ও তল্লাশির নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই শুক্রবার বেনাচিতি বাজারের দুটি কসমেটিক্স দোকানে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হয় একাধিক নামী ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া নকল সামগ্রী।
কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের সদস্য দীপ্তনীল হাজরা জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ের পর আদালতের নির্দেশেই এই অভিযান চালানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে এবং আগামী দিনে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
এখন প্রশ্ন উঠছে, বাজারে বিক্রি হওয়া প্রসাধনী কতটা আসল? আর কতদিন সাধারণ ক্রেতারা এমন প্রতারণার শিকার হবেন?

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *