বারাবনি: সাতসকালে জঙ্গলে কাঠ কাটতে গিয়ে রহস্যজনক ও চমকে দেওয়ার মতো দৃশ্য চোখে পড়ল স্থানীয় বাসিন্দাদের। গাছের একই ডাল থেকে দড়ির ফাঁসে ঝুলছে এক বৃদ্ধা ও এক যুবকের দেহ! রবিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি থানার গৌরান্ডি সংলগ্ন জঙ্গল থেকে এই দুই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে বারাবনি থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।
জানা গেছে , রবিবার সকাল প্রায় ৭টা নাগাদ বারাবনি থানার গৌরান্ডি সংলগ্ন জঙ্গলে শুকনো কাঠ কুড়োতে যান এলাকার কয়েকজন বাসিন্দা। জঙ্গল দিয়ে যাওয়ার সময় হঠাৎই তাঁদের নজরে পড়ে গাছের ডালে ঝুলন্ত দুই দেহ। আনুমানিক ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা এবং ২৫ বছর বয়সী এক যুবকের নিথর দেহ একই গাছে দড়িতে ঝুলছিল। এই দৃশ্য দেখামাত্রই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে বারাবনি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেহ দুটিকে গাছের ডাল থেকে দড়ি কেটে নিচে নামায়। প্রাথমিক তদন্ত শেষের পর ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।
উদ্ধার হওয়া এই দুই মৃতদেহের পরিচয় রবিবার দুপুর পর্যন্ত জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধা ও যুবককের বা তাঁদের মধ্যে কী সম্পর্ক ছিল, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
জঙ্গলে যাওয়া এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা সকালে জঙ্গলে কাঠ কাটতে এসে ঝুলন্ত দেহ দুটি দেখতে পাই। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। তবে আমরা ওদের কাউকে চিনি না। যতটুকু মনে হচ্ছে, এরা এই এলাকার বাসিন্দা নন।
রহস্যজনক এই মৃত্যুর পেছনে আসল কারণ কি, তা নিয়ে ইতিমধ্যে ধন্দ তৈরি হয়েছে। এটা একটি আত্মহত্যার ঘটনা নাকি অন্য কোথাও খুন করে দেহ দুটি এই জঙ্গলে এনে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। তিনি বলেন, সব থানায় ছবি সহ ম্যাসেজ পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
বারাবনি থানার পুলিশ সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে, কেউ যদি এই দুই ব্যক্তির পরিচয় বা ছবি দেখে কোনও তথ্য দিতে পারেন, তবে দ্রুত বারাবনি থানায় যোগাযোগ করুন। এই ঘটনাকে কেন্দ্র করে গৌরান্ডি এলাকা জুড়ে নানান জল্পনা তৈরি হয়েছে।









