জামুড়িয়া: রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির মধ্যেই জামুড়িয়া বিধানসভার তপসী রেলওয়ে সাইডিংকে ঘিরে উঠল গুরুতর অভিযোগ। গাড়ির মালিক ও চালকদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে পরিবহনের বিলের টাকা বকেয়া রয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ে টাকা পেতে হলে বিভিন্ন ট্রান্সপোর্ট সংস্থার পক্ষ থেকে নির্দিষ্ট হারে ‘পার্সেন্টেজ’ কেটে নেওয়ার কথা বলা হচ্ছে বলেও অভিযোগ।অভিযোগ অনুযায়ী, তপসী রেলওয়ে সাইডিংয়ে প্রায় ৭০ থেকে ৮০টি ডাম্পার কয়লা পরিবহনের কাজে যুক্ত। সেখানে কাজ করা কয়েকটি ট্রান্সপোর্ট সংস্থার বিরুদ্ধে যথাসময়ে পেমেন্ট না দেওয়ার অভিযোগ তুলেছেন গাড়ির মালিকরা। অভিযোগে বলা হয়েছে, জগদ্ধাত্রী মুভার্স ট্রান্সপোর্ট ৬ শতাংশ, শ্রীমাধব ট্রান্সপোর্ট ৮ শতাংশ এবং আইটি এন্টারপ্রাইজ ১০ শতাংশ হারে টাকা কাটছে বলে দাবি। এছাড়া এমএমপিএল নামে একটি সংস্থার কাছ থেকে প্রায় ৭০ লক্ষ টাকার বকেয়া রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। গাড়ির মালিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ সাধারণত ২০ দিনের মধ্যেই ট্রান্সপোর্ট সংস্থাগুলিকে পেমেন্ট করে দেয়। কিন্তু সেই টাকা গাড়ির মালিকদের হাতে পৌঁছাতে দেরি হচ্ছে। তাঁদের আরও অভিযোগ, ট্রান্সপোর্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনও ‘পার্সেন্টেজ’ ছাড়া সম্পূর্ণ টাকা নিতে চান, তাহলে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।এই অভিযোগের প্রতিবাদে কয়েকজন গাড়ির মালিক সাইডিং থেকে মাল বোঝাই গাড়ি বের না করে দাঁড় করিয়ে রেখেছেন বলেও জানা গেছে।তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ট্রান্সপোর্ট সংস্থাগুলির বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এখন গাড়ির মালিকদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবে কতটা কার্যকর হবে এবং এই অভিযোগের তদন্ত ও সমাধানে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর সকলের।










