Home / খবর / জেলায় জেলায় / প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের গোডাউন থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ, পাচার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে

প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের গোডাউন থেকে সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ, পাচার ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে

দুর্গাপুরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদার-এর একটি গোডাউনকে কেন্দ্র করে বুধবার সকালে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযোগ, ওই গোডাউন থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী সরিয়ে পাচারের চেষ্টা চলছিল। বিজেপি কর্মীদের দাবি, তারা ঘটনাটি হাতেনাতে ধরে ফেলেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে একটি ছোট হাতি (মালবাহী) গাড়িতে করে কয়েকজন ব্যক্তি গোডাউন থেকে বিভিন্ন সামগ্রী বের করে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে কয়েকজন বিজেপি কর্মীর নজরে আসে বিষয়টি। সন্দেহ হওয়ায় তারা গাড়িটিকে অনুসরণ শুরু করেন।
অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এরপর বিজেপি কর্মীরা সংশ্লিষ্ট গোডাউনে প্রবেশ করে সেখানে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী মজুত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পাশাপাশি বিভিন্ন গোষ্ঠীর নথিপত্র, গুরুত্বপূর্ণ ফাইল এবং ভোটার তালিকাও সেখানে পাওয়া গেছে বলে অভিযোগ তোলেন বিজেপি কর্মীরা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোডাউনটি আপাতত সিল করে দেওয়া হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে সরকারি ত্রাণসামগ্রী সেখানে এল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের দাবি।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই ঘটনায় বড়সড় দুর্নীতি ও ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগ তোলা হয়েছে। যদিও অভিযোগের সত্যতা এখনও প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি।
এই বিষয়ে প্রাক্তন মন্ত্রী প্রদীপ মজুমদারের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহলে ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *