Home / খবর / জেলায় জেলায় / ইসিএলের নবনির্মিত ওয়াটার রিজার্ভারের দেওয়াল ধসে মৃত ২, আহত ১ শিশু

ইসিএলের নবনির্মিত ওয়াটার রিজার্ভারের দেওয়াল ধসে মৃত ২, আহত ১ শিশু

জামুড়িয়া: আসানসোলের জামুড়িয়ার ইসিএলের কেন্দা এরিয়ার ইস্ট কেন্দা ভুঁইয়া পাড়ায় রবিবার বিকেলে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইসিএলের নির্মিত নতুন ওয়াটার রিজার্ভার বা জলাধারের একটি অংশের দেওয়াল আচমকাই ভেঙে পড়ে। সেই ভাঙ্গা দেওয়ালের তলায় চাপা পড়ে দুজনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও এক শিশু গুরুতরভাবে আহত হয়েছে। মৃত দুজনের নাম প্রকাশ ভুঁইয়া (৩০) ও পবন ভুঁইয়া (২০)। আহত শিশুর নাম ভরত ভুঁইয়া।
জানা গেছে, ইষ্ট কেন্দার ভুঁইয়া পাড়ায় সাধারণ মানুষের ব্যবহারের জন্য ইসিএল এই নতুন জলাধারটি নির্মাণ করেছিল। রবিবার বিকেলে সেটিতে জল ভরে পরীক্ষা করা হচ্ছিল। সেই সময় বহু স্থানীয় বাসিন্দারা নতুন রিজার্ভারটি দেখতে সেখানে ভিড় জমান। কেউ কেউ জলে হাত-পা ধোয়াধুয়িও করছিলেন।
সেই সময় হঠাৎ করেই রিজার্ভারের এক পাশের দেওয়াল ভেঙে পড়ে। এই ঘটনায় ভুইয়া পাড়ার বাসিন্দা প্রকাশ ভুঁইয়া , পবন ভুঁইয়া এবং ভরত ভুঁইয়া নামে এক শিশু ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়েন।
স্থানীয়রাই দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। বেশ কিছুক্ষনের চেষ্টায় আহতদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে প্রকাশ ভুঁইয়া ও পবন ভুঁইয়াকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত শিশু ভরত ভুঁইয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ এলাকায় আসে।
ঘটনার পরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, জলাধার নির্মাণে গাফিলতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
তবে এখনও ঘটনা নিয়ে ইসিএল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ জানায়, গোটা ঘটনার তদন্ত চলছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *