বৃস্পতিবার সকাল থেকেই অনলাইনে পাওয়া যাবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) এনুমারেশন ফর্ম। নির্বাচন কমিশন জানিয়েছে, যাঁরা বুথ লেভেল অফিসারদের (বিএলও) কাছ থেকে সশরীরে ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনে ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। মূলত কর্মসূত্রে বাইরে থাকা ভোটারদের জন্যই এই সুবিধা চালু করা হয়েছে।
প্রথমে মঙ্গলবার থেকেই অনলাইনে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। কমিশন জানিয়েছিল, যত দ্রুত সম্ভব সমস্যা মেটানো হবে। অবশেষে বুধবার ঘোষণা করা হয়, বৃহস্পতিবার সকাল থেকে ওয়েবসাইটে মিলবে ফর্ম।
সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে (https://ceowestbengal.wb.gov.in/) অনলাইন এনুমারেশন ফর্ম পাওয়া যাবে। কমিশনের মোবাইল অ্যাপ ইসিআইনেট-এ গিয়েও ভোটাররা ফর্ম পূরণ করতে পারবেন। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, “ফর্ম অনলাইনে ডাউনলোড করে বিএলওদের সামনে বসে যেভাবে অফলাইন ফর্ম পূরণ করা হয়, সেভাবেই অনলাইনে তা পূরণ করতে হবে। এরপর নির্দিষ্ট পদ্ধতিতে ফর্মটি আপলোড করতে হবে। প্রক্রিয়াটি পোর্টালেই বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।”
ইতিমধ্যেই রাজ্য জুড়ে ৮০ হাজারেরও বেশি বিএলওকে এই কাজের জন্য নিয়োগ করা হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে ফর্ম পৌঁছে দিচ্ছেন এবং তথ্য সংগ্রহ করছেন। নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার রাত পর্যন্ত রাজ্যে ১ কোটি ১০ লক্ষেরও বেশি ফর্ম বিতরণ করা হয়েছে। ভোটারদের সাহায্য এবং বিএলওদের কাজ পর্যবেক্ষণের জন্য বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিয়োগ করেছে।










