দুর্গাপুর:
দুর্গাপুরের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে রাজ্য পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিংয়ের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুর্গাপুরের স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে গণপরিবহন ব্যবস্থা, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় দুর্গাপুর ESI হাসপাতালের আধুনিকীকরণ এবং সেটিকে মেডিকেল কলেজের সঙ্গে অন্তর্ভুক্ত করার বিষয়টি। শিল্পাঞ্চল দুর্গাপুরে শ্রমিক ও সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত ও আধুনিক করার লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি দুর্গাপুরে ডবল ডেকার বাস চালুর অনুমোদন এবং শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। শহর ও শহরতলির মানুষের যাতায়াতের সুবিধা বাড়াতে গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
এছাড়াও অটো, থ্রি-হুইলার ও ফোর-হুইলার পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে পারমিট সংক্রান্ত বিষয়, নিয়েও মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। পরিবহন ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীদের স্বার্থ রক্ষা এবং তাঁদের কাজের ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
বৈঠক শেষে দুর্গাপুর পূর্ব বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুরের উন্নয়ন, পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ এবং সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।
শিল্পনগরী দুর্গাপুরকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে স্বাস্থ্য, পরিবহন ও শ্রম, তিন ক্ষেত্রেই একাধিক পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোনোর বার্তা মিলেছে এই বৈঠক থেকে।










