প্রতীকী ছবি
বাঁকুড়া: রাজ্যে ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি মতো ১ জুন থেকেই সরকারি বাসে মহিলাদের ‘বিনামূল্যে যাতায়াত’ প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। সরকারের এই ঘোষণায় রাজ্যের বহু মহিলার মুখে হাসি ফুটেছে। এবার থেকে সরকারি বাসে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আর ভাড়া লাগবে না মহিলাদের, এমনটাই জানিয়েছে সরকার।
কিন্তু রাজ্যের এই ‘জনকল্যাণমূলক মাস্টারস্ট্রোক’ যেন জঙ্গলমহলে এসে থমকে গেল। কারণ, বাঁকুড়ার জঙ্গলমহলে সরকারি বাসই কার্যত নেই! ফলে সরকারের নতুন পরিষেবার সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত থেকে গেলেন এলাকার হাজার হাজার মহিলা।
ফ্রি বাস তো দূরের কথা, আগে বাস আসুক, ক্ষোভ মহিলাদের।
স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরেও জঙ্গলমহলে সরকারি পরিবহণের অবস্থা অত্যন্ত করুণ। এখানকার মানুষ এখনও মূলত বেসরকারি গাড়ির উপর নির্ভরশীল। ফলে সরকার ভাড়া মকুব করলেও, বাস্তবে সেই সুবিধা পাওয়ার কোনও উপায়ই নেই।
সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, ২০২৪ সালে তৃণমূল সরকারের আমলে রানীবাঁধ ও ঝিলিমিলিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (SBSTC) দুটি ডিপো তৈরি হলেও আজ পর্যন্ত সেখানে একটি বাসও ঢোকেনি।
স্থানীয়দের অভিযোগ, ঢাকঢোল পিটিয়ে কোটি টাকার ডিপো বানানো হলেও সেগুলো এখনও কার্যত তালাবন্দি পড়ে আছে! রানীবাঁধ রুটে একটি মাত্র সরকারি বাস চললেও সেটি সকাল ছ’টায় এসে সন্ধ্যায় ফিরে যায়। অভিযোগ, সেই বাসও কখনও ডিপোয় ঢোকেনি।
৭০-৮০ টাকা ভাড়া দিয়ে শহরে যাওয়া, কষ্টে জঙ্গলমহলের মহিলারা।
স্থানীয় বাসিন্দা লক্ষ্মী মনি, মালা দাস মহন্তদের দাবি, বাঁকুড়া শহরে যেতে একবারেই ৭০-৮০ টাকা পর্যন্ত ভাড়া গুনতে হয়। ফলে নতুন সরকারের ফ্রি বাস পরিষেবা যদি জঙ্গলমহলেও পৌঁছয়, তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবেন এলাকার গরিব ও প্রান্তিক মহিলারা।
এখন প্রশ্ন উঠছে, জঙ্গলমহল কি তবে এখনও বঞ্চিত হয়ে থাকবে?
রাজ্যের একদিকে যখন মহিলাদের জন্য ‘ফ্রি বাস যাত্রা’ নিয়ে উৎসবের আবহ, তখন অন্যদিকে জঙ্গলমহলের মহিলাদের আক্ষেপ, যে এলাকায় সরকারি বাসই নেই, সেখানে ফ্রি পরিষেবার ঘোষণা দিয়ে লাভ কী?
এখন জঙ্গলমহলের মহিলাদের একটাই আবেদন, রাজনীতি নয়, আগে সরকারি বাস দিন। তাহলেই মিলবে প্রকৃত সুবিধা।










