Home / খবর / জেলায় জেলায় / বার্নপুরে ফের সেল আইএসপির বুলডোজার, ভাঙা হল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিস

বার্নপুরে ফের সেল আইএসপির বুলডোজার, ভাঙা হল প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অফিস

বার্নপুর: আসানসোল শিল্পাঞ্চলের বার্নপুরে ফের শুরু হলো সেল আইএসপি (ইস্কো) কর্তৃপক্ষের বুলডোজার অভিযান। সরকারি জমিতে অবৈধ দখল ও বেআইনি নির্মাণ উচ্ছেদের অংশ হিসেবে মঙ্গলবারের অভিযানে ভেঙে ফেলা হলো আসানসোল পুরনিগমের ৮০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিনোদ কুমার যাদবের অফিস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহু বছর ধরে ব্যবহৃত ওই অফিসটিকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় সেল আইএসপি কর্তৃপক্ষ। অভিযানের সময় এলাকায় মোতায়েন ছিল পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
প্রাক্তন কাউন্সিলর বিনোদ কুমার যাদব দাবি করেন, ২০১৫ সালে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর স্থানীয় মানুষের সুবিধা ও বিভিন্ন সমস্যার সমাধানের উদ্দেশ্যে ওই অফিস তৈরি করা হয়েছিল। তাঁর কথায়, এই অফিস থেকে বহু গরিব ও অসহায় মানুষকে স্থানীয়ভাবে সাহায্য করা হতো। অফিসটি ভেঙে দেওয়ায় সাধারণ মানুষের অসুবিধা হবে।
তবে তিনি এটাও স্বীকার করেন যে, বর্তমানে পরিস্থিতি বদলেছে। পুলিশ ও প্রশাসনের সহায়তায় সেল আইএসপি তাদের সরকারি জমিতে থাকা অবৈধ নির্মাণ সরানোর জন্য কড়া পদক্ষেপ নিচ্ছে। সরকারের লক্ষ্য, সরকারি জমিতে কোনও বেআইনি দখল বা নির্মাণ যেন না থাকে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বার্নপুর ও সংলগ্ন এলাকায় সেল আইএসপি কর্তৃপক্ষ অবৈধ দখল উচ্ছেদ অভিযান জোরদার করেছে। সরকারি জমি দখল ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও চলবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
বুলডোজারের কোপ এবার রাজনৈতিক ব্যক্তিত্বের অফিসে পড়ায় নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। প্রশ্ন উঠছে, উচ্ছেদ অভিযানে আর কারা পড়তে চলেছেন সেল আইএসপির নিশানায়?

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *