দুর্গাপুর: রাজ্যে মহিলাদের আর্থিক সহায়তায় ঘোষিত ‘অন্নপূর্ণা যোজনা’র আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্ন থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন তিনি। রাজ্যের লক্ষাধিক মহিলা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানোর পাশাপাশি জেলায় জেলায় প্রতীকী শংসাপত্র তুলে দেওয়ার কর্মসূচিও পালিত হয়।
দুর্গাপুরে এই উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। সাইটিসেন্টারে সৃজনী অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন দুর্গাপুরের দুই বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁদের হাত ধরে এদিন ১০০ জন মহিলা উপভোক্তার হাতে অন্নপূর্ণা যোজনার শংসাপত্র তুলে দেওয়া হয়। একইসঙ্গে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পৌঁছে যায় বলে জানানো হয় প্রশাসনের তরফে।
প্রথম কিস্তির টাকা হাতে পেয়ে খুশি উপভোক্তারা। অনেকের বক্তব্য, সংসারের নিত্য খরচ সামলাতে এই আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের মধ্যে উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
অন্যদিকে, বিজেপি বিধায়কদের দাবি, নির্বাচনের আগে সংকল্প পত্রে দেওয়া প্রতিশ্রুতিগুলি একের পর এক বাস্তবায়িত করছে সরকার। তাঁদের বক্তব্য, “যা বলেছিলাম, তা করেই দেখাচ্ছি। অন্নপূর্ণা যোজনা তারই একটি বড় উদাহরণ। বাকি ঘোষণাগুলিও ধাপে ধাপে বাস্তবায়িত হবে।”
রাজ্যের নতুন সরকারের এই প্রকল্পকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের একাংশের প্রশ্ন, দীর্ঘমেয়াদে এই প্রকল্প কতটা কার্যকর হবে, এখন সেটাই দেখার। তবে আপাতত ৩ হাজার টাকার আর্থিক সহায়তা পেয়ে দুর্গাপুরের উপভোক্তাদের মুখে হাসি ফুটেছে।










