কাঁকসা: দুর্গাপুরের কাঁকসা থানার প্রয়াগপুর এলাকায় এক গৃহস্থের বাড়িতে দিনের আলোয় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাচ্চা কোলে নিয়ে বাড়িতে ঢুকে সুযোগ বুঝে একটি ব্যাগ চুরি করে পালিয়ে যায় দুই মহিলা। তবে তাদের পরিকল্পনা বেশিক্ষণ সফল হয়নি। বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজই শেষ পর্যন্ত পুলিশের কাছে বড় সূত্র হয়ে ওঠে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির মালিক দেখতে পান তাঁর ব্যাগটি নিখোঁজ। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায়, দুই মহিলা কোলে শিশু নিয়ে বাড়িতে প্রবেশ করে এবং কিছুক্ষণের মধ্যেই ব্যাগটি নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চলে যায়। ঘটনার পরই বাড়ির মালিক কাঁকসা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং সিসিটিভির ফুটেজ তুলে দেন।
পুলিশ দ্রুত সেই ফুটেজ বিভিন্ন থানায় ও সংশ্লিষ্ট পুলিশ ইউনিটে পাঠিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই পানাগড় বাজার চৌমাথায় কর্তব্যরত ট্রাফিক গার্ড পুলিশের নজরে আসে ফুটেজের সঙ্গে মিল থাকা দুই মহিলা। সন্দেহ হওয়ায় তাদের আটকে রাখা হয় এবং খবর দেওয়া হয় কাঁকসা থানায়। পরে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলাকে থানায় নিয়ে যায়।
যে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, সেই পরিবারের এক মহিলা জানান, চুরি যাওয়া ব্যাগে নগদ টাকা, এটিএম কার্ড এবং একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল। যদিও অভিযুক্তদের আটক করা সম্ভব হয়েছে, তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করা যায়নি।
পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনায় শুধু ওই দুই মহিলা নয়, তাদের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। সেই সম্ভাবনা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চুরি হওয়া ব্যাগ ও অন্যান্য সামগ্রী উদ্ধারের পাশাপাশি পুরো চক্রের সন্ধানেও তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।
এই ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরার গুরুত্বও আরও একবার সামনে এসেছে, কারণ সেই ফুটেজের সূত্র ধরেই অল্প সময়ের মধ্যে সন্দেহভাজনদের চিহ্নিত ও আটক করা সম্ভব হয়েছে।










