Home / খবর / জেলায় জেলায় / ভোট-পরবর্তী হিংসায় রক্তাক্ত সন্দেশখালি, গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি-সহ ৫

ভোট-পরবর্তী হিংসায় রক্তাক্ত সন্দেশখালি, গুলিবিদ্ধ ন্যাজাট থানার ওসি-সহ ৫

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সন্দেশখালি: ভোটের ফল প্রকাশের পরই উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাতে ন্যাজাটে সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন থানার ওসি-সহ মোট ৫ জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে। অভিযোগ, দুই পক্ষের মধ্যে বোমাবাজি ও গুলির লড়াই শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন পুরকাইত। তাঁর হাতে গুলি লেগেছে বলে জানা গেছে। পাশাপাশি জখম হয়েছেন রাজবাড়ি পুলিশ ফাঁড়ির কর্মী ভাস্বত গোস্বামী, এক মহিলা কনস্টেবল এবং দুই সিআরপিএফ জওয়ান।

আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের কলকাতা-র সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

ঘটনার পরেই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। গভীর রাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও বুধবার সকাল থেকে জারি রয়েছে তল্লাশি অভিযান। এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীও। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল।

স্থানীয়দের দাবি, এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পিকেট বসানো হয়েছে। ভোট-পরবর্তী হিংসার এই ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়ল রাজ্য জুড়ে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *