উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: দীর্ঘ ১৩ বছর পর বারুইপুরে নিজেদের পুরনো দলীয় কার্যালয় ফিরে পেল সিপিআই(এম)। বুধবার বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় কাছারি বাজার সংলগ্ন ওই পার্টি অফিসে আবারও উঠল লাল পতাকা, যা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ২০১৩ সালে তৃণমূল কংগ্রেস ওই কার্যালয়টি দখল করে নেয় বলে অভিযোগ ছিল সিপিএমের। এরপর টানা এক দশকেরও বেশি সময় ধরে অফিসটি তৃণমূলের নিয়ন্ত্রণেই ছিল।
সাম্প্রতিক নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আবহে মঙ্গলবার রাতেই ওই পার্টি অফিস ফের নিজেদের দখলে নেয় সিপিআই(এম) কর্মী-সমর্থকেরা। বুধবার সকালে সেখানে দলীয় পতাকা তোলার ছবি সামনে আসে।
বারুইপুর পশ্চিমের সিপিআই(এম) প্রার্থী লায়েক আলি দাবি করেছেন, “আমরা দখলের রাজনীতি করি না। এটা আমাদের পুরনো পার্টি অফিস। তৃণমূল জোর করে দখল করে রেখেছিল। আমরা সেটাই ফিরিয়ে নিয়েছি।” তাঁর কথায়, কোনও রকম বাধা ছাড়াই কর্মীরা গিয়ে অফিসে নিজেদের ব্যানার লাগান এবং সেখান থেকেই আবার সংগঠনের কাজ শুরু হবে।
ঘটনাকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হলেও এখনও পর্যন্ত বড় কোনও সংঘর্ষের খবর মেলেনি। তবে রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয় ঘিরে এই ধরনের দখল-বদলের ঘটনা সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।










