দুর্গাপুর: অজয় নদ থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের অভিযোগে কাঁকসার বিদবিহার এলাকার বাসিন্দা অজয় হাড়িকে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। শনিবার তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অজয় নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের একটি অভিযোগের তদন্তে নেমেই এই গ্রেফতারি। তদন্তকারীরা গোটা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই অজয় হাড়ি অজয় নদীর একাধিক ঘাট থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ, বিদবিহার, বনকাটি-সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ট্রাক্টর ও ডাম্পারের মাধ্যমে বালি বিভিন্ন জায়গায় পাঠানো হতো। এছাড়াও বিভিন্ন স্থানে অবৈধভাবে বালি মজুত রাখার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত বা তাঁর আইনজীবীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
এই গ্রেফতারিকে ঘিরে কাঁকসা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের প্রশ্ন, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এমন অবৈধ কারবার চলার অভিযোগ থাকলেও এতদিন কেনও কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণেই এতদিন এই ব্যবসা নির্বিঘ্নে চলেছে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননি তদন্তকারী আধিকারিকরা। পুলিশ প্রশাসন সূত্রে ইঙ্গিত, অবৈধ বালি কারবারের বিরুদ্ধে আগামী দিনে আরও বড়সড় অভিযান চালানো হতে পারে।










