অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: জল কমেছে ‘উত্তরের ত্রাস’ তিস্তা নদীতে। আর তাতেই বেজায় খুশি মৎস-রসিকেরা। তিস্তায় জল কমতেই জেলেদের জালে ধরা পড়ছে গুচ্ছের বরোলি মাছ। এই মাছ খেতে ভালবাসতেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও। আর আমজনতার তো কথাই নেই। শহরের দিনবাজার, স্টেশন বাজার-সহ একাধিক বাজারে বরোলির প্রাচুর্য দেখে আনন্দে আত্মহারা বরোলি-প্রেমিকেরা।

বিভিন্ন আকারের বরোলির সন্ধান মিলছে বাজারে। দাম মোটামুটি সাধ্যের মধ্যেই বলে জানালেন মাছ বিক্রেতারা। জেলেদের একাংশ জানান, আসল বরোলি চেনার ভাল উপায় হল, এদের পেটে হলুদ দাগ থাকে। মূলত ফাঁস জাল ও ছোঁড়া জাল ব্যবহার করেই বরোলি ধরছেন তারা। জল পরিস্কার থাকলে বরোলি বেশি জালে উঠছে বলে জানান তারা। এদিকে, বাজারে বরোলি পর্যাপ্ত পরিমাণে আসায় অন্য ছোট মাছের দাম কিছুটা হলেও কমেছে বলে দাবি মাছ বিক্রেতাদের একাংশের। কারণ শীতের মরসুমের সূচনাতেই বাজারে বরোলি চলে আসায় বেশিরভাগ ক্রেতার নজর এখন সেদিকেই।

দিনবাজারে আসা জনৈক ক্রেতা বলেন, ‘ধনেপাতা দিয়ে বরোলির হাল্কা ঝোলের কোনও জবাব নেই। এখন ওজন হিসেবে দাম একটু বেশি হলেও আরও জোগান এলে দাম কমবে। তবে, এখনও দাম নাগালের মধ্যেই রয়েছে।’ তিস্তার ‘হলুদ শস্যের’ খোঁজে ভোর থেকে নদীতে নামছেন জেলেরা।









