Home / খবর / জেলায় জেলায় / নিয়ম ভাঙলেই কড়া আইনি ব্যবস্থা, অটোচালকদের সতর্কতা দুর্গাপুর ট্রাফিক গার্ডের

নিয়ম ভাঙলেই কড়া আইনি ব্যবস্থা, অটোচালকদের সতর্কতা দুর্গাপুর ট্রাফিক গার্ডের

দুর্গাপুর: শহরের যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড সংলগ্ন অটোস্ট্যান্ডে বিশেষ ট্রাফিক সচেতনতামূলক অভিযান চালায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর ট্রাফিক গার্ড।
অভিযানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের ওসি এসআই চিন্ময় মণ্ডল, সেকেন্ড অফিসার এসআই রাম অযোধ্যা মিশ্র, ট্রাফিক গার্ডের অন্যান্য পুলিশকর্মী এবং সিভিক ভলান্টিয়াররা।
অভিযান চলাকালীন অটোচালকদের নির্ধারিত রুট মেনে চলা, অনুমোদিত এলাকার বাইরে অটো না চালানো এবং সমস্ত বৈধ নথিপত্র সঙ্গে রাখার বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি পারমিট-সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও খতিয়ে দেখা হয়।
ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আঞ্চলিক পরিবহণ দপ্তর (আরটিও)-এর অনুমতি ছাড়া অটোতে কোনও অতিরিক্ত যন্ত্রপাতি বা আলোর ব্যবস্থা করা যাবে না। বিশেষ করে সামনের নম্বর প্লেটের উপরে অতিরিক্ত আলো লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে মোটরযান আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মোটা অঙ্কের জরিমানা করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
পুলিশের দাবি, এই অভিযানের মূল উদ্দেশ্য শুধুমাত্র আইন প্রয়োগ নয়, বরং অটোচালকদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং শহরের যান চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করে তোলা।
দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক ও নজরদারি অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে। আইন মেনে যানবাহন চালানোর জন্য সকল চালকের প্রতি আবেদনও জানানো হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *