উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ক্যানিং: পুলিশ হেফাজতে থাকা এক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জীবনতলা থানার কালীকাটাতলা এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চিরঞ্জিত সেনাপতিকে বুধবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাঁকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। হেফাজতে নিয়ে জীবনতলা থানার ওসি ত্রিদিব মল্লিকের নেতৃত্বে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করে, গত রবিবার রাতে মদ্যপ অবস্থায় দাদা সঞ্জীব সেনাপতির সঙ্গে বচসার সময় তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র নিয়ে ধস্তাধস্তি হয়। সেই সময় একটি গুলি উপরের দিকে ছুটে যায়। পরে সে সঞ্জীব সেনাপতির মুখ ও কপালে আঘাত করলে তিনি গুরুতর জখম হন।
জেরার সময় অভিযুক্ত পুলিশকে একটি লিজ নেওয়া পুকুরের ধারে নিয়ে গিয়ে জানায়, ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কালো প্লাস্টিকে মুড়ে পুকুরপাড়ের মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। তার দেখানো জায়গায় তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে পুলিশ। পরে যথাযথ সিজার লিস্টের মাধ্যমে সেটি বাজেয়াপ্ত করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে চলেছে জীবনতলা থানার পুলিশ।









