Home / খবর / জেলায় জেলায় / পূর্ণমন্ত্রী হিসেবে শপথ ডা. অজয় পোদ্দারের, কুলটিতে গেরুয়া আবিরে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মীরা

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ ডা. অজয় পোদ্দারের, কুলটিতে গেরুয়া আবিরে উচ্ছ্বাসে মাতলেন বিজেপি কর্মীরা

কুলটি: পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভায় খুশির হাওয়া। কুলটির বিধায়ক তথা চিকিৎসক ডা. অজয় পোদ্দার রবিবার রাজ্যের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন লোকভবনে। শপথ নেওয়ার পরই কুলটি জুড়ে শুরু হয় উচ্ছ্বাস, আনন্দ ও উদযাপন।
কুলটির মণ্ডল-১ বিজেপি কার্যালয়ে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন দলীয় কর্মী-সমর্থকরা। ঢাক-ঢোলের তালে আনন্দ মিছিল, গেরুয়া আবীর খেলা, বাজি ফাটানো এবং মিষ্টিমুখের মাধ্যমে উদযাপনে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। শুধু দলীয় কর্মীরাই নন, বহু স্থানীয় বাসিন্দাকেও আনন্দ ভাগ করে নিতে দেখা যায়।
এদিন বিজেপি নেতা-কর্মীরা এলাকার ছিন্নমস্তা মন্দিরে বিশেষ পুজোরও আয়োজন করেন। তাঁদের বক্তব্য, কুলটি থেকে এই প্রথম কোনও বিধায়ক রাজ্যের মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে জায়গা পেলেন। ফলে দীর্ঘদিনের বহু উন্নয়নমূলক দাবি এবার বাস্তবায়নের আশা করছেন স্থানীয় মানুষ।
দলীয় নেতৃত্বের দাবি, মন্ত্রী হিসেবে ডাঃ অজয় পোদ্দারের দায়িত্ব পাওয়ার ফলে কুলটি ও শিল্পাঞ্চলের উন্নয়নে নতুন গতি আসতে পারে। রাস্তা, স্বাস্থ্য, পানীয় জল, শিল্প এবং কর্মসংস্থানের মতো বহু ইস্যুতে এবার বিশেষ গুরুত্ব মিলবে বলেও আশা প্রকাশ করেছেন সমর্থকরা।
জানা গিয়েছে, রবিবার শপথ নেওয়া ৩৫ জন নতুন মন্ত্রীকে নিয়ে দুপুরের পর নবান্নে বৈঠক হয়। সেখানেই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করার কথা।
প্রসঙ্গত, এর আগেও পশ্চিম বর্ধমান জেলা থেকে আগ্নিমিত্রা পাল মন্ত্রীত্বের দায়িত্ব পেয়েছেন। বর্তমানে তিনি পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের দায়িত্বে রয়েছেন। ফলে এই প্রথম পশ্চিম বর্ধমান জেলা থেকে একসঙ্গে দুই বিধায়ক রাজ্যের মন্ত্রীসভায় স্থান পাওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *