দুর্গাপুর: শিল্পনগরী জুড়ে এখন একটাই আলোচনা, এবার কি রাস্তার ধারে অবৈধ নির্মাণের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু হতে চলেছে? শহরের বিভিন্ন এলাকায় জোর গুঞ্জন, প্রশাসনের নজরে থাকা রাস্তার ধারের অবৈধ দোকান, দখল, বেআইনি নির্মাণ ও ফুটপাত দখলের বিরুদ্ধে নামতে পারে বুলডোজার। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বড় ঘোষণা সামনে আসেনি, তবুও জল্পনা ঘিরে বাড়ছে চাঞ্চল্য।
স্থানীয় সূত্রের দাবি, শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় এবং ব্যস্ত এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার ধারে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ও দখলদারি নিয়ে অভিযোগ জমা পড়েছে। কোথাও ফুটপাত প্রায় উধাও, কোথাও রাস্তার অংশ দখল করে তৈরি হয়েছে অস্থায়ী বা স্থায়ী কাঠামো। এর ফলে যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং সাধারণ মানুষের চলাচলে সমস্যা বাড়ছে বলে অভিযোগ।
বিশেষ করে দুর্গাপুরের বিভিন্ন বাজার এলাকা, সংযোগ সড়ক, ব্যস্ত মোড় ও আবাসিক এলাকার পাশে তৈরি হওয়া অবৈধ নির্মাণ নিয়ে ক্ষোভ বাড়ছিল বহুদিন ধরেই। প্রশাসনিক মহলে আলোচনা চলছে, শহরকে দখলমুক্ত ও পরিষ্কার রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই কারণেই ১ জুনের পর বুলডোজার অভিযান নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।
তবে এই সম্ভাব্য অভিযানের খবরে আতঙ্কও ছড়িয়েছে বহু ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকের দাবি, বছরের পর বছর ধরে থাকা দোকান বা ঘর, হঠাৎ ভেঙে দিলে জীবিকা বিপন্ন হতে পারে। আবার একাংশের বক্তব্য, আইন মেনে শহরকে দখলমুক্ত করা জরুরি, যাতে রাস্তা প্রশস্ত হয়, যান চলাচল স্বাভাবিক থাকে এবং দুর্ঘটনা কমে।
রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। বিরোধীদের প্রশ্ন, হঠাৎ কেনও এই তৎপরতা? আবার শাসকপন্থীদের বক্তব্য, অবৈধ দখলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ হলে তা স্বাগত।
এখন সবচেয়ে বড় প্রশ্ন,
১ জুনের পর সত্যিই কি দুর্গাপুরে শুরু হবে বুলডোজার অভিযান? নাকি শুধুই গুঞ্জন চলছে?
প্রশাসনের আনুষ্ঠানিক ঘোষণা ও ময়দানের পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে শিল্পাঞ্চলবাসী।










