উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : ক্যানিংয়ের মৌখালিতে মাতলা নদীর চর ভরাট করে বেআইনিভাবে বিশাল ক্যাফে তৈরির অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য সংলগ্ন মৌখালি ব্রিজের কাছে নদীর চর বুজিয়ে এই ক্যাফে তৈরি করা হয়েছে। স্থানীয়দের দাবি, বিঘার পর বিঘা সরকারি নদীর জমি ভরাট করে গড়ে তোলা হয়েছে ওই নির্মাণ। শুধু ক্যাফেই নয়, মৌখালি ব্রিজ সংলগ্ন বিস্তীর্ণ এলাকাতেও নদীর চর ভরাট করে পরে তা মোটা টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় বিজেপি নেতাদের দাবি, তৃণমূলের প্রভাবশালী নেতাদের মদতেই এই বেআইনি কাজ দীর্ঘদিন ধরে চলেছে। প্রশাসনের নাকের ডগায় নদী ভরাট ও নির্মাণ হলেও কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ তাঁদের।
জানা গিয়েছে, ক্যাফেটির মালিক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। স্থানীয়দের অভিযোগ, বাবার রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি বেআইনিভাবে ব্যবসা চালাচ্ছেন। এর আগেও ইমরান মোল্লার বিরুদ্ধে এক ডেলিভারি বয়কে হকি স্টিক দিয়ে মারধরের অভিযোগ উঠেছিল।
উল্লেখযোগ্যভাবে, ঘটনাস্থল থেকে খুব কাছেই রয়েছে ক্যানিং মহকুমা শাসক ও এসডিপিও অফিস। এত গুরুত্বপূর্ণ সরকারি দফতরের কাছেই কীভাবে দিনের পর দিন নদী ভরাট ও বেআইনি নির্মাণ চলল, তা নিয়েই উঠছে প্রশ্ন।
বিজেপি নেতৃত্ব জানিয়েছে, বিষয়টি নিয়ে সরকারের কাছে অভিযোগ জানানো হবে এবং বেআইনি দখলদারি ও নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলা হবে।









