বার্নপুর, ইস্পাত নগরী বার্নপুরে ফের বুলডোজারের গর্জন! সংস্থার জমিতে তৈরি তথাকথিত ‘বেআইনি নির্মাণ’ উচ্ছেদে এবার কড়া পদক্ষেপ নিল সেল আইএসপি (ইস্কো) কর্তৃপক্ষ। তৃণমূল কংগ্রেসের একাধিক কার্যালয়ের পর এবার সিপিএম ও কংগ্রেসের পার্টি অফিসেও চলল বুলডোজার।
এই ঘটনাকে কেন্দ্র করে বার্নপুরজুড়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
শুক্রবার সকালে বার্নপুর গুরুদ্বোয়ারা সংলগ্ন এলাকায় সিপিএমের একটি পার্টি অফিস ভেঙে ফেলে সেল আইএসপি কর্তৃপক্ষ। অভিযোগ, সংস্থার জমিতে অনুমতি ছাড়াই ওই অফিস গড়ে তোলা হয়েছিল। আইএসপির দাবি, আগেই পার্টি অফিস সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তা সরানো না হওয়ায় এদিন বুলডোজার চালিয়ে কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়।
শুধু সিপিএম নয়, একই দিনে বার্নপুরের আপার রোড এলাকায় কংগ্রেসের পার্টি অফিসেও চলে উচ্ছেদ অভিযান। সেল আইএসপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই কার্যালয়ও সংস্থার জমিতে অনুমতি ছাড়াই নির্মিত হয়েছিল। বহুবার নোটিশ পাঠানো হলেও তা উপেক্ষা করা হয় বলেই অভিযোগ। শেষমেশ শুক্রবার বুলডোজার নামিয়ে অফিস ভেঙে ফেলে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বার্নপুরে সেল আইএসপি কর্তৃপক্ষের পক্ষ থেকে সংস্থার জমি দখলমুক্ত করতে ধারাবাহিক উচ্ছেদ অভিযান চলছে। ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক দলের কার্যালয় ও বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। তবে এবার সিপিএম ও কংগ্রেসের অফিস ভাঙার ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোরের আশঙ্কা তৈরি হয়েছে।
একের পর এক রাজনৈতিক দলের কার্যালয়ে বুলডোজার চলায়। প্রশ্ন উঠছে, সংস্থার জমি উদ্ধারের অভিযান, নাকি রাজনৈতিক বার্তা? যদিও সেল আইএসপির বক্তব্য, এটি সম্পূর্ণ প্রশাসনিক ও জমি পুনরুদ্ধারের অংশ।
বার্নপুরে এই বুলডোজার অভিযান ঘিরে এখন তুমুল চর্চা, উত্তেজনা এবং রাজনৈতিক জল্পনা তুঙ্গে।










