Home / খবর / জেলায় জেলায় / রাস্তা নোংরা করলে আর রেহাই নয়, সেপ্টেম্বর থেকে কড়া জরিমানা, কাল থেকে চালু হচ্ছে ‘স্বচ্ছ’ অ্যাপ

রাস্তা নোংরা করলে আর রেহাই নয়, সেপ্টেম্বর থেকে কড়া জরিমানা, কাল থেকে চালু হচ্ছে ‘স্বচ্ছ’ অ্যাপ

আসানসোল: এবার রাস্তায় চিপসের প্যাকেট, প্লাস্টিক, ডাবের খোসা বা যত্রতত্র ময়লা ফেললে আর ছাড় নয়! শহরকে পরিচ্ছন্ন রাখতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। আগামী ৩০ মে থেকে চালু হচ্ছে নতুন মোবাইল অ্যাপ ‘স্বচ্ছ’, যার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি রাস্তার ময়লার ছবি তুলে পুরসভাকে অভিযোগ জানাতে পারবেন।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার এই বড় ঘোষণা করে জানান, শুধু সরকারের উদ্যোগে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়, সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তনও জরুরি।
মন্ত্রী বলেন, “মল বা বড় জায়গায় গেলে আমরা খুব সচেতন থাকি, কিন্তু রাস্তায় বেরোলেই যেখানে সেখানে ময়লা ফেলি। এই অভ্যাস বদলাতে হবে।”
জানানো হয়েছে, নতুন এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা রাস্তায় পড়ে থাকা আবর্জনার ছবি তুলে সরাসরি পুরসভায় পাঠাতে পারবেন। দ্রুত পরিষেবা দেওয়ার জন্য তৈরি হচ্ছে বিশেষ ব্যাকএন্ড সাপোর্ট। প্রথম পর্যায়ে ১০টি পুরসভায় পাইলট প্রজেক্ট হিসেবে এই পরিষেবা শুরু হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে গোটা পশ্চিমবঙ্গে প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।
প্রথম ৩ মাস সচেতনতা, তারপর কড়া শাস্তি,
আগামী তিন মাস ধরে চলবে বিশেষ সচেতনতা অভিযান। স্কুল-কলেজের ছাত্রছাত্রী, অভিভাবক, কর্মী থেকে সাধারণ মানুষ, সকলকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে। তবে সেপ্টেম্বর মাস থেকে নিয়ম না মানলেই শুরু হবে কড়া জরিমানা।
মন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “দিদিমণি শেখাবে, ভালোবাসবে, শাসনও করবে। কিন্তু কথা না শুনলে ব্যবস্থা নিতেই হবে।”
এখন দেখার, ‘স্বচ্ছ’ অ্যাপ ও সরকারের এই কড়া অবস্থান রাজ্যের রাস্তাঘাট কতটা সত্যিই পরিষ্কার রাখতে পারে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *