দুর্গাপুর : রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পশ্চিম বর্ধমান সফরে আসছেন শুভেন্দু অধিকারী। শিল্পনগরী দুর্গাপুরে তাঁর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার শহরের সিটিসেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্য সচিব, ডিজি-সহ একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক। পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বিভিন্ন থানার ওসি ও আইসি-দেরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও স্থানীয় সাংসদ, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে।
সূত্রের খবর, বৈঠকে মূলত পাঁচ জেলার উন্নয়নমূলক প্রকল্প, সরকারি পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন, শিল্প প্রসার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। শিল্পাঞ্চল হিসেবে দুর্গাপুরের গুরুত্বের কথা মাথায় রেখে বিনিয়োগ, কর্মসংস্থান ও নাগরিক পরিষেবা নিয়েও বিশেষ পর্যালোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সৃজনী প্রেক্ষাগৃহ চত্বর ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিআইপি নিরাপত্তা ও অতিথি আপ্যায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুরে পৌঁছবেন। দুপুর দুটো থেকে সৃজনী অডিটোরিয়ামে পাঁচ জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক শুরু হবে।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন সরকারের প্রশাসনিক অগ্রাধিকার ও আগামী দিনের উন্নয়ন রূপরেখা স্পষ্ট করতে দুর্গাপুরের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার প্রশাসনিক কাজকর্মে এই বৈঠকের প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে।










