জামুড়িয়া:আসানসোলের জামুড়িয়া এলাকার রোটবাটি ৯ নম্বরে রেলের বুলডোজার অভিযানকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনার সৃষ্টি হয়। রেল ট্র্যাক নির্মাণ ও পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য ইসিএল কর্তৃপক্ষ ওই জমি রেলকে হস্তান্তর করার পর রেলের পক্ষ থেকে পরিত্যক্ত ও জরাজীর্ণ ইসিএল কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয়।
এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর একাংশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভ দেখান। তাঁদের আশঙ্কা, বর্তমানে পুরনো কোয়ার্টার ভাঙা হলেও ভবিষ্যতে এলাকায় বসবাসকারী মানুষদেরও উচ্ছেদ করে অন্য কাজে জমি ব্যবহার করা হতে পারে। এই আশঙ্কার কথা তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইসিএলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন। তাঁরা জমি হস্তান্তর ও ভাঙার কাজের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং বাসিন্দাদের উদ্বেগ দূর করার চেষ্টা করেন। আধিকারিকদের আশ্বাসের পর বিক্ষোভ প্রত্যাহার করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
আলোচনার সময় স্থানীয় বাসিন্দারা এলাকায় নিয়মিত বিদ্যুৎ ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবা নিশ্চিত করার দাবিও জানান। ইসিএল কর্তৃপক্ষ তাঁদের দাবি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
রোটবাটি ৯ নম্বরে এই বুলডোজার অভিযানকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা আগামী দিনে পরিস্থিতির ওপর নজর রাখছেন।










