বুবাই শীল, জলপাইগুড়ি: দোল উৎসবের আনন্দে এবার জলপাইগুড়ি শহরে সামিল হলেন বৃহন্নলা সমাজের সদস্যরাও। রঙের এই উৎসবকে সকলের সঙ্গে ভাগ করে নিতে তাঁরা শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে উদ্যাপনে অংশ নেন।
দোলের দিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পৌঁছে পুলিশ কর্মীদের আবির ও রঙ মাখিয়ে শুভেচ্ছা জানান বৃহন্নলা সমাজের সদস্যরা। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরে পুলিশ কর্মীরাও তাঁদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন।
শুধু থানাতেই সীমাবদ্ধ থাকেননি তাঁরা। শহরের একাধিক সরকারি দফতরের পাশাপাশি বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমেও গিয়ে আবাসিকদের সঙ্গে রঙ খেলেন এবং উৎসবের আনন্দ পৌঁছে দেন। তাঁদের উপস্থিতিতে বিশেষ করে প্রবীণ ও শিশুদের মধ্যে উৎসবের উচ্ছ্বাস আরও বেড়ে ওঠে।
সমাজের সব স্তরের মানুষের সঙ্গে মিলেমিশে উৎসব পালনের এই উদ্যোগ জলপাইগুড়িতে সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করেছে।










