Home / খবর / জেলায় জেলায় / দ্বাদশ বেতন কমিশন ও চার শ্রম কোড কার্যকরের দাবিতে আসানসোলে বিএমএস-এর বিক্ষোভ

দ্বাদশ বেতন কমিশন ও চার শ্রম কোড কার্যকরের দাবিতে আসানসোলে বিএমএস-এর বিক্ষোভ

আসানসোল:দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ১২তম বেতন কমিশন দ্রুত কার্যকর করা এবং চারটি নতুন শ্রম কোড অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বুধবার আসানসোলে সরব হল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। সংগঠনের অন্তর্গত বার্নপুর ইস্পাত কর্মচারী সংঘ-এর উদ্যোগে শতাধিক শ্রমিক, কর্মী ও পদাধিকারী ডেপুটি লেবার কমিশনারের দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পরে তাঁদের বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিকদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার। সংগঠনের নেতারা অভিযোগ করেন, কেন্দ্র সরকারের পক্ষ থেকে এখনও ১২তম বেতন কমিশন গঠনের বিষয়ে কোনও সুস্পষ্ট পদক্ষেপ করা হয়নি। এর ফলে সরকারি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের কর্মচারীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে। তাঁদের দাবি, কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা বিবেচনা করে অবিলম্বে ১২তম বেতন কমিশন কার্যকর করতে হবে।
সংগঠনের নেতা সুজিত বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র সরকার চারটি নতুন শ্রম কোড প্রণয়ন করলেও আইএসপি (ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট)-সহ সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানে এখনও সেই আইন কার্যকর করা হয়নি। এর ফলে শ্রমিকরা আধুনিক শ্রম আইনের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত আইএসপিতে চার শ্রম কোড কার্যকর করার দাবিও স্মারকলিপিতে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
বিএমএস নেতৃত্বের বক্তব্য, শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক সুরক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে ১২তম বেতন কমিশন ও চার শ্রম কোড, এই দুই দাবির দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দাবি পূরণে বিলম্ব হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দিয়েছে সংগঠন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *