অন্ডাল: ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে দিল্লিতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় অন্ডাল বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন আসানসোলের ব্যবসায়ী মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বিমানবন্দরের ভেতরে দায়িত্বে থাকা রাজ্য পুলিশের এক ইন্সপেক্টর সাজ্জারুল হক তাঁকে শারীরিকভাবে নিগৃহীত করেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি জোর করে একটি কাগজে সই করিয়ে পরে তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়।
আসানসোলের এসবি গড়াই রোডের শ্রীপল্লীর বাসিন্দা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় জানান, “আমি আমার ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে নিয়ে বিকেল ৪.৪৫ মিনিটের ফ্লাইটে দিল্লি যাচ্ছিলাম। বিমানবন্দরে ঢোকার সময় আমাকে দু’বার পিছনে যেতে বলা হয়। পরে আবার ডাকা হলে দেখি আমার পিছনের যাত্রীকে আগে ঢুকতে দেওয়া হচ্ছে। আমি প্রতিবাদ করতেই ইন্সপেক্টর সাজ্জারুল হক আমাকে অকথ্য ভাষায় গালাগাল করেন, ধাক্কা দেন ও গায়ে হাত তোলেন। এতে আমার হাত কেটে যায়।”
তিনি আরও বলেন, “আমাকে জানানো হয় আমি দিল্লি যেতে পারব না, শুধু আমার স্ত্রী যাবে। আমাদের দীর্ঘক্ষণ বাইরে বসিয়ে রাখা হয়। শেষে জোর করে ‘আমি খারাপ ব্যবহার করেছি’— এই মর্মে লেখা এক কাগজে সই করিয়ে তবেই বিমানে উঠতে দেওয়া হয়।”
দিল্লিতে পৌঁছে মৃত্যুঞ্জয়বাবু জানান, “আমি এই ঘটনার আইনি দিক নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করব।”
ঘটনা নিয়ে অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষ বা রাজ্য পুলিশের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।










