অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: দেশজুড়ে চলা ‘সেবায় আমার যোগদান’ প্রকল্পে সামিল জলপাইগুড়ি পুরসভাও। বুধবার এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় পুরসভার তরফ থেকে। এর পাশাপাশি, এদিনই হল ‘সেবা সংকল্প অভিযানও’। সংবর্ধিত হলেন পৌর সাফাইকর্মীরা।
একই দিনে চলা এই দুই কর্মসূচি ঘিরে এদিন সকাল থেকেই চরম তৎপরতা দেখা দেয় পুরকর্মীদের মধ্যে। কর্মসূচিতে হাজির ছিলেন পুরসভার নির্বাহী আধিকারিক দেব দুলাল পাত্র, সমাজসেবী শ্যাম প্রসাদ-সহ অন্যরা। পুর কর্তৃপক্ষের দাবি, শুধু কর্মীরাই নন, বহিরাগতরাও স্বতস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে এসেছেন।

নির্বাহী আধিকারিক দেবদুলাল পাত্র জানান, সারা দেশজুড়ে ‘সেবায় আমার যোগদান’ কর্মসূচিতে বৃক্ষরোপণ, রক্তদান শিবির-সহ একাধিক কর্মসূচি চলছে। পুরসভার তরফেও একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ রক্তদান শিবিরে ভালো সাড়া মিলেছে।

এদিন পরে সেবা সংকল্প অভিযানের মাধ্যমে পৌর সাফাইকর্মীদের তাদের কাজের স্বীকৃতি প্রদান করা হয়।

সমাজসেবী শ্যাম প্রসাদ বলেন, রক্তদান শিবিরের পাশাপাশি পৌর সাফাইকর্মীদের সংবর্ধনার বিষয়টিও অভিনব। এর আগের সরকার সাফাইকর্মীদের প্রাপ্য সম্মান দেয়নি। এই সরকার আসায় তারা সেই সম্মান ফিরে পাচ্ছেন। তাদের কাজের নিরাপত্তার স্বার্থে ‘কিটস’ এসেছে। গ্লাভস-সহ অন্য প্রয়োজনীয় সামগ্রীও পেতে চলেছেন সাফাইকর্মীরা।” সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান শ্যাম প্রসাদ। সংবর্ধনা পেয়ে আপ্লুত পৌর সাফাইকর্মীরাও।









