এশিয়া কাপের আগে বড়সড় রদবদল ভারতীয় ক্রিকেট বোর্ডে। জানা গিয়েছে, বোর্ড সভাপতির পদ ছাড়লেন রজার বিন্নী। নতুন সভাপতি ঘোষণা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সভাপতির দায়িত্বে থাকবেন সহ-সভাপতি রাজীব শুক্ল। যদিও বিসিসিআই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
২০২২ সালের অক্টোবরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বোর্ড সভাপতি হয়েছিলেন বিন্নী। কিন্তু গত ১৯ জুলাই তাঁর বয়স ৭০ পেরিয়ে যায়। বিসিসিআই সংবিধান অনুযায়ী, ৭০ বছরের পর প্রশাসনিক কোনও পদে থাকা যায় না। ফলে তিন বছরের পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়াতে হল তাঁকে।
অন্যদিকে, সদ্য প্রণীত জাতীয় ক্রীড়া আইন অনুযায়ী, ক্রীড়া সংস্থার পদাধিকারীরা ৭৫ বছর বয়স পর্যন্ত দায়িত্বে থাকতে পারেন। সেই কারণে আইন ও বোর্ড সংবিধানের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। বোর্ডের আইনি দল বিষয়টি খতিয়ে দেখছে।
বোর্ড সূত্রে খবর, সেপ্টেম্বর মাসে বার্ষিক সাধারণ সভায় নতুন সভাপতির নাম নিয়ে আলোচনা হবে। ততদিন বোর্ডের সব দায়িত্ব সামলাবেন ৬৫ বছর বয়সি রাজীব শুক্ল, যিনি ২০২০ সাল থেকে সহ-সভাপতি পদে রয়েছেন।
এক আধিকারিক জানিয়েছেন, “জাতীয় ক্রীড়া আইন সবে কার্যকর হয়েছে। তাই আগে বিস্তারিত আলোচনা করতে হবে, তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত।”










