Home / খবর / রাজ্য / মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতেও আয়কর হানা, ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তায় ক্ষুব্ধ নেত্রী

মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতেও আয়কর হানা, ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তায় ক্ষুব্ধ নেত্রী

ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন পত্রের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে হানা দিল আয়কর দফতর। শুক্রবার সকালে যখন রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা, ঠিক সেই সময়েই এলগিন রোডে মিরাজের বাড়িতেও পৌঁছন আয়কর আধিকারিকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগে সরব হয়েছে ঘাসফুল শিবির।

মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুর কেন্দ্রে মনোনয়ন জমা দেন, তখন সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে চার ধর্মের চার ব্যক্তিকে প্রস্তাবক করেছিলেন। তাঁদেরই অন্যতম হলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহ। এলাকায় সজ্জন এবং প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত মিরাজকে খোদ মুখ্যমন্ত্রী প্রস্তাবক হওয়ার অনুরোধ করেছিলেন। শুক্রবার মিরাজের পাশাপাশি সল্টলেক, মিডলটন স্ট্রিট-সহ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তল্লাশি চালায় আয়কর দফতর।

এ দিন রাজনৈতিক সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির এই সক্রিয়তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনের মুখে ভোট বৈতরণী পার হতে নির্বাচন কমিশন থেকে শুরু করে ইডি-সিবিআই বা আয়কর দফতরকে হাতিয়ার করছে বিজেপি।

তৃণমূলনেত্রী প্রশ্ন তোলেন, “বিজেপির কতজন নেতার বাড়িতে তল্লাশি হয়েছে, আমি তা জানতে চাই।” তাঁর কটাক্ষ, বিজেপির নেতারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তাঁদের নিরাপত্তা দিয়ে গুন্ডামি করানো হচ্ছে। ভোটের আবহে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত মিরাজের বাড়িতে এই হানা রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *