নিজস্ব প্রতিবেদন: নারী সংরক্ষণ বিলের বর্তমান রূপরেখা নিয়ে লোকসভায় দাঁড়িয়ে কেন্দ্রকে নজিরবিহীন আক্রমণ শানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর সাফ দাবি, এই বিল আদতে নারী ক্ষমতায়নের জন্য নয়, ভারতের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার একটি রাজনৈতিক কৌশল। রাহুলের মতে, আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের মাধ্যমে বিজেপি নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে।
রাহুল গান্ধী অভিযোগ করেন, এই পদক্ষেপের ফলে দক্ষিণ ভারত, উত্তর-পূর্বাঞ্চল এবং দেশের ছোট রাজ্যগুলির রাজনৈতিক কণ্ঠস্বর রুদ্ধ হবে। শাসক শিবিরের তীব্র প্রতিবাদের মধ্যেই তিনি বলেন, “আপনারা উত্তর-পূর্ব ভারত এবং ছোট রাজ্যগুলিকে বলছেন যে, বিজেপিকে ক্ষমতায় রাখার জন্য আপনাদের প্রতিনিধিত্ব কেড়ে নেওয়া হবে। এটা দেশবিরোধী কাজ ছাড়া আর কিছুই নয়।”
বিরোধী দলনেতার দাবি, বর্তমান প্রস্তাবটি নারী বিল হিসেবে প্রচার করা হলেও এর সঙ্গে মহিলাদের প্রকৃত উন্নয়নের কোনও যোগ নেই। তাঁর কথায়, “প্রথম সত্যটি হলো, এটি মহিলাদের বিল নয়। এটি ভারতের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার একটি চেষ্টা মাত্র।”
রাহুলের এই মন্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সদস্যরা প্রবল বিক্ষোভে ফেটে পড়েন এবং বিরোধী দলনেতার বক্তৃতায় বাধা দেওয়ার চেষ্টা করেন। এর ফলে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে সংসদ কক্ষ।









