প্রতীকী ছবি
রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট চলাকালীন নিয়ম বহির্ভূত কাজে লিপ্ত থাকার অভিযোগে এক পুলিশ কর্মীকে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। অভিযুক্ত পুলিশ কর্মীর নাম মাসুদ করিম। তিনি কলকাতা পুলিশের রিজ়ার্ভ ফোর্সের কনস্টেবল পদে কর্মরত। কমিশনের কড়া নির্দেশ পাওয়ামাত্রই তা কার্যকর করেছে লালবাজার।
ঘটনার সূত্রপাত পূর্ব মেদিনীপুরের ভবানীপুর থানা এলাকায়। অভিযোগ ওঠে, হলদিয়ার এসডিও (SDO) কার্যালয়ে যখন পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ চলছিল, তখন সেখানে উপস্থিত থেকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন মাসুদ করিম। বিষয়টি কমিশনের নজরে আসতেই তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাঁকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়।
নির্দেশিকা অনুযায়ী, বিভাগীয় অনুসন্ধান প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ওই পুলিশ কর্মী সাসপেন্ড থাকবেন। এই সময়কালে তিনি তাঁর মূল বেতনের অর্ধেক এবং অন্যান্য ভাতার ৫০ শতাংশ পাবেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে কমিশনের এই পদক্ষেপকে এক কড়া সতর্কবার্তা হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, গত কয়েক দিনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে রাজ্যে একাধিক আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে কমিশন। শুক্রবারই দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের এক বিএলও (BLO)-কে সাসপেন্ড করা হয়েছিল। একই দিনে উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রের আরও ৩ জন বিএলও-র বিরুদ্ধেও সাসপেনশনের নির্দেশ জারি করে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের আগে কমিশনের এই কঠোর মনোভাব প্রশাসনিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।










