ব্যারাকপুর: রাজ্যের পুলিশমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দায়িত্বের অংশ হিসেবে বৃহস্পতিবার ব্যারাকপুরের স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে আয়োজিত রাজ্য পুলিশের ঐতিহ্যবাহী ‘বড়া খানা’ অনুষ্ঠানে যোগ দেন তিনি। পুলিশ আধিকারিক ও কর্মীদের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে তাঁদের মনোবল বাড়ানোর বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ অ্যাকাডেমিতে পৌঁছলে মুখ্যমন্ত্রীকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। পরে পুলিশকর্মীদের সঙ্গে একই সারিতে বসে মধ্যাহ্নভোজ সারেন তিনি। মেনুতে ছিল ভাত, ডাল, আলুভাজা, ফিশফ্রাই এবং শেষপাতে রসগোল্লা।
খাওয়াদাওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “নানা প্রতিবন্ধকতার মধ্যেও আপনাদের কাজ করতে হচ্ছে। দুর্নীতি দমন থেকে আইনশৃঙ্খলা রক্ষা— সব ক্ষেত্রেই আপনারা দক্ষতার পরিচয় দিয়েছেন। আমাদের কিছু আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, তবুও দেশের সেরা পুলিশ বাহিনী এ রাজ্যেই গড়ে উঠুক, এটাই মুখ্যমন্ত্রী হিসেবে আমার প্রত্যাশা। আপনারা পারবেন, সেই বিশ্বাস আমার আছে।”
তিনি আরও বলেন, “জানবেন, পুলিশমন্ত্রী পুলিশের পাশেই আছে।”
এদিন মূলত ২০২২ সালের উত্তীর্ণ ব্যাচের পুলিশকর্মীদের সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেইসঙ্গে ছিল প্রতিবছরের মতো ‘বড়া খানা’র আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা-সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা।
পুলিশকর্মীদের সঙ্গে একই টেবিলে বসে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের মাধ্যমে মুখ্যমন্ত্রী তাঁদের প্রতি সরকারের আস্থা ও সমর্থনের বার্তাই তুলে ধরেছেন বলে প্রশাসনিক মহলের একাংশের মত।










