Home / খবর / জেলায় জেলায় / মৃত শ্রমিকের ক্ষতিপূরণেও ‘কাটমানি’র অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান, আদালত চত্বরে বিজেপির বিক্ষোভ

মৃত শ্রমিকের ক্ষতিপূরণেও ‘কাটমানি’র অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান, আদালত চত্বরে বিজেপির বিক্ষোভ

বুদবুদ -দুর্গাপুর: মৃত শ্রমিকের পরিবারের প্রাপ্য ক্ষতিপূরণের টাকাতেও ‘কাটমানি’ নেওয়ার গুরুতর অভিযোগকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের বুদবুদে। অভিযোগের জেরে গ্রেফতার হলেন চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান অনুপ মেটে। বুধবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বুদবুদ থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকেরা। পুলিশের গাড়িতে ধৃত প্রধানকে আদালতে নিয়ে যাওয়ার সময় ‘চোর চোর’ স্লোগানে সরব হয় বিক্ষোভকারীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গলসি বিধানসভা এলাকার চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একাধিক দুর্নীতির অভিযোগ জমা পড়ছিল। অভিযোগ, এলাকায় প্রভাব খাটিয়ে তোলাবাজি চালানোর পাশাপাশি শ্রমিকদের মৃত্যুর পর তাঁদের পরিবারের জন্য নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ থেকেও কাটমানি আদায় করা হত। এছাড়াও অবৈধ বালি ব্যবসা, আবাস প্রকল্পে অনিয়ম এবং সরকারি প্রকল্পের অর্থ বণ্টনেও স্বচ্ছতা না থাকার অভিযোগ উঠেছে।
সম্প্রতি নতুন করে একাধিক অভিযোগ সামনে আসার পর তদন্ত শুরু করে বুদবুদ থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে মঙ্গলবার রাতে অনুপ মেটেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। বুধবার আদালতে তোলার সময় থানার সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, দুর্নীতির প্রতিবাদ জানাতে গেলে পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে।
এ বিষয়ে গলসির বিজেপি বিধায়ক রাজু পাত্র বলেন, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে রেহাই দেওয়া হবে না। মানুষের টাকা লুট করে যারা বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের আইনের মুখোমুখি হতেই হবে।
অন্যদিকে, পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *