Home / খবর / জেলায় জেলায় / সিদাবাড়িতে ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা গ্রামবাসীদের, ডিভিসির বিরুদ্ধে ফের তীব্র আন্দোলনের ডাক

সিদাবাড়িতে ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা গ্রামবাসীদের, ডিভিসির বিরুদ্ধে ফের তীব্র আন্দোলনের ডাক

সালানপুর ব্লকের সিদাবাড়ি গ্রাম সংলগ্ন মাইথন ড্যামের জলাশয়ে ডিভিসি (DVC)-র প্রস্তাবিত ভাসমান সৌর বিদ্যুৎ (Floating Solar Power) প্রকল্পকে কেন্দ্র করে চলা অচলাবস্থা এখনো কাটেনি। যে ঐকমত্যের ইঙ্গিত পাওয়া গিয়েছিল, শুক্রবার সকালে তা পুরোপুরি পাল্টে গেল।এদিন এলাকায় বিরোধিতার আগুন ফের জ্বলে উঠল। শুক্রবার কালিপাথর ইদগাহ ময়দানে বৈঠক করা হল।ক্ষুদ্ধ গ্রামবাসীরা বাথানবাড়ি, কালিপাথর, ডোমদোহা, বৃন্দাবনী, সিধাবাড়ি, গোগনা, কালিপাহাড়ি এবং জামতাড়া এলাকার লাদনা থেকে আসা প্রচুর গ্রামবাসী ‘দামোদর ভ্যালি বাস্তুহারা সংগ্রাম সমিতি’-র ব্যানারে এক জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত সকলেই একজোট হয়ে সৌর বিদ্যুৎ প্রকল্প এবং সম্প্রতি ডিভিসি ম্যানেজমেন্টের করা কথিত বৈঠকের তীব্র প্রতিবাদ জানান।
ডিভিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে গ্রামবাসীরা অভিযোগ করেন যে, কর্তৃপক্ষ গ্রামবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে গায়ের জোরে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাঁদের প্রশ্ন কেনও নির্দিষ্ট কিছু দালাল বা মধ্যস্থতাকারীদের সাথে নিয়ে বৈঠক করা হল?হাজার হাজার বাস্তুচ্যুত পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার ওই ব্যক্তিদের কে দিল?স্থানীয় সমস্ত গ্রামবাসী ও বাস্তুচ্যুতদের সাথে সরাসরি মুখোমুখি বৈঠকে বসতে ডিভিসি কেন এড়িয়ে যাচ্ছে?
ঝাড়খণ্ড অঞ্চলের বাস্তুচ্যুতদের দ্বিমুখী নীতির অভিযোগ
এই বৈঠকে ঝাড়খণ্ড অঞ্চল থেকে আসা প্রতিনিধিরাও ডিভিসির কর্মপদ্ধতি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, ডিভিসির দাবি অনুযায়ী জলাশয়ের পাড় থেকে ৩ কিলোমিটার দূরে সোলা প্যানেল বসানো হবে। অথচ, সিধাবাড়ি ড্যামের পাড় থেকে ২.৫ কিলোমিটার পরের জলাশয় অংশটিই জামতাড়া (ঝাড়খণ্ড)-র অধীনে পড়ে। ঝাড়খণ্ডের বাস্তুচ্যুত পরিবারগুলির সাথে কেন এই বৈষম্যমূলক ও দ্বিমুখী নীতি গ্রহণ করা হচ্ছে?
চরম হুঁশিয়ারি ও বৃহত্তর আন্দোলনের ডাক
গ্রামবাসীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, ডিভিসি কার সাথে বৈঠক করল তাতে তাঁদের কিছুই যায় আসে না। কোনও অবস্থাতেই এই প্রকল্প সংক্রান্ত কোনও কাজ বা নির্মাণ সামগ্রী এলাকায় ঢুকতে দেওয়া হবে না। ডিভিসি যদি জোর করে কাজ চালাতে চায়, তবে তাদের তীব্র গণপ্রতিরোধের মুখেই পড়তে হবে।
আন্দোলনকে আরও জোরদার করতে সমিতির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, আগামী রবিবার ‘দামোদর ভ্যালি বাস্তুহারা সংগ্রাম সমিতি’-র নেতৃত্বে মাইথন কালিপাহাড়ি, গোগনা (ধানবাদ), বাথানবাড়ি, কালিপাথর, ডোমদোহা, বৃন্দাবনী, সিধাবাড়ি এবং লাদনা (জামতাড়া) অঞ্চলের হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার সিদাবাড়িতে একত্রিত হয়ে এই সৌর প্রকল্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *