Home / খবর / জেলায় জেলায় / রাস্তার বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মহিষের মৃত্যু, আহত ১, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ

রাস্তার বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই মহিষের মৃত্যু, আহত ১, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগে ক্ষোভ

বরাকর ( কুলটি): আসানসোলের কুলটি থানার বরাকরের বেগুনিয়া-ডিসেরগড় রোডে জল ট্যাঙ্কের কাছে সোমবার রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি মহিষের মৃত্যু হয়েছে। ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , বরাকরের দাসপাড়া এলাকার গোরু ব্যবসায়ী রাজনা প্রতিদিনের মতো সোমবার তাঁর মহিষগুলিকে চরাতে নিয়ে গিয়েছিলেন। রাতে ফেরার পথে বেগুনিয়া – ডিসেরগড় রোডে জল ট্যাঙ্কের কাছে রাস্তার ধারে জমে থাকা জলে মহিষ দুটি পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই দুটি মহিষের মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসীরা ছুটে আসেন। এক ব্যক্তিও জলে চলে আসায়, তিনিও বিদ্যুৎস্পৃষ্ঠ হন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় একটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ লিকেজ হচ্ছিল। ফলে খুঁটির আশপাশে জমে থাকা জলেও বিদ্যুৎ আসছিলো। বিষয়টি একাধিকবার বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের বক্তব্য, এদিন একটি গাড়ি আসায় মহিষ দুটি রাস্তার ধারে জমে থাকা জলে সরে যায় এবং সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তাদের প্রশ্ন, এই মহিষের বদলে কোন গাড়ি বা পথচারী হলে কি হতো।
এলাকাবাসীর আরও অভিযোগ, বেগুনিয়া দুর্গা মন্দিরের সামনে রাস্তার ধারের একটি ডাস্টবিনের কাছে বিদ্যুতের একটি খুঁটি গাছের ভর দিয়ে ঝুঁকে রয়েছে। যা যে কোনও সময় বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে। এই বিষয়েও বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি।
ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের গাফিলতির বিরুদ্ধে সরব হন। তাদের দাবি, অবিলম্বে এলাকায় বিদ্যুৎ ব্যবস্থার পূর্ণাঙ্গ পরীক্ষা করে ত্রুটি মেরামত করতে হবে এবং এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
যদিও, এই নিয়ে বিদ্যুৎ দপ্তরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *