আসানসোল: সরকারি সামগ্রী কেলেঙ্কারি, তোলাবাজি ও কয়লা–বালি–জমি লেনদেনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তরুণ চক্রবর্তী। মঙ্গলবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিল্পাঞ্চল জুড়ে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ধৃত কাউন্সিলরকে আসানসোল দক্ষিণ থানার পুলিশ আদালতে পেশ করে। থানার বাইরে পুলিশের গাড়িতে তোলার সময় সাংবাদিকরা তাকে গ্রেফতারের কারণ ও অভিযোগ নিয়ে প্রশ্ন করলেও, কোনও উত্তর দেননি তরুণ চক্রবর্তী।
পুলিশ সূত্রে খবর, সরকারি প্রকল্পের আওতায় দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য দেওয়া ত্রিপল কেলেঙ্কারি মামলায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি তহবিলের সামগ্রী বণ্টন ও ব্যবহারে অনিয়মের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তের পর সোমবার প্রথমে তাকে আটক করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, আসানসোলের ডামরা এলাকায় তরুণ চক্রবর্তীর বাড়ি থেকে বেশ কিছু সরকারি ত্রিপল উদ্ধার হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ ছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, তার বিরুদ্ধে কয়লা, বালি ও জমি সংক্রান্ত লেনদেন এবং তোলাবাজির অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ ধৃত কাউন্সিলরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন আদালতে করেছে বলে জানা গেছে। এক পুলিশ আধিকারিক জানান,
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। প্রয়োজনীয় নথি ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, বিজেপির পক্ষ থেকে তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। তবে এই গ্রেফতারি নিয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
সরকারি ত্রাণ সামগ্রী কি তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরিয়ে ফেলা হচ্ছিল? নাকি এর পিছনে রয়েছে আরও বড় চক্র? তদন্তে উঠে আসতে পারে বিস্ফোরক তথ্য।










