উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার : ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যেই প্রথমবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে আয়োজিত বৈঠক থেকে আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা দেন তিনি।
পুলিশি ও রাজনৈতিক অত্যাচারের ঘটনায় সঠিক তদন্ত ও বিচারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অবৈধ টোল ট্যাক্স আদায়, অটো-টোটো থেকে তোলাবাজি এবং সাধারণ মানুষের উপর দাদাগিরি বন্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এতদিন রাজ্যে শাসকের আইন চলেছে, এবার থেকে চলবে আইনের শাসন।” পুরনো সরকারের বিরুদ্ধে এভাবেই কটাক্ষ করেন তিনি।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর হওয়ার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকেই রাজ্য সরকারের সেই অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।










