রানিগঞ্জ: আবারও পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে ধসের ঘটনা ঘটল। এই ধস কবলিত এলাকার একদিকে রয়েছে স্কুল। অন্যদিকে আছে খেলার মাঠ। শুক্রবার সকালে রানিগঞ্জের
এগারা গ্রামে ঘটা এই ধসের কারণে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সময়ের সঙ্গে এই ধস আরও বাড়বে কি না, তা নিয়ে বাড়িয়েছে উদ্বেগ।
জানা গেছে, রানিগঞ্জের এগারার বাদাম বাগানে ঘটে এই ধসের ঘটনা। আচমকা এই ধসের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঠিক যে জায়গায় মাটি ধসের ঘটনা ঘটেছে , তার একদিকে রয়েছে একটি বেসরকারি স্কুল। অন্যদিকে রয়েছে বাগান। এছাড়াও রয়েছে শিশুদের খেলার মাঠ। এরফলে ধস আরও বাড়লে আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ধসের ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । ধসের জায়গায় লাগানো হয়েছে “ডেঞ্জার” লেখা বোর্ড। ফিতে দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়েছে। যাতে ধস কবলিত এলাকায় সাধারণ মানুষ না যান। ওই জায়গায় না যাওয়ার জন্য , পুলিশ প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এই এলাকা আগে থেকেই ধসপ্রবণ হিসেবে পরিচিত। তাই নতুন করে ধসের ঘটনায় চিন্তা বেড়েছে স্থানীয়দের মধ্যে ।
গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে প্রশাসনের তরফে ।
ঠিক কি কারণে এই ধসের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।










